তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা, জিম্মি হয়েছিল সেনা প্রধান

ডেস্ক: তুরস্কের সেনাপ্রধান হুলুসি আকারকে জিম্মি করেছিল অভ্যুত্থানকারীরা। রাজধানী আঙ্কারায় আকিনসিলার বিমানঘাঁটিতে তাকে জিম্মি দশা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এরপর নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। তুরস্কের ডেইলি সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতের ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময়ে তিনি কোথায় তা কেউ জানাতে পারছিলেন না। অভ্যুত্থানের বিষয়ে তার অবস্থান কি তাও জানার এক তীব্র কৌতুহল সৃষ্টি হয় সারাবিশ্বে। শেষ পর্যন্ত জানা গেল তাকে জিম্মি রাখা হয়েছিল। আল সাবাহ লিখেছে, অভ্যুত্থান চেষ্টা শুরু হয় সেনা সদর দপ্তরের ভিতরেই। সেখানে অভ্যুত্থানের পক্ষ ও বিপক্ষ সেনাদের মধ্যে লড়াই শুরু হয়। সেনা সদর দপ্তর এক পর্যায়ে দখলে নেয় অভ্যুত্থানকারীরা।

পরে তাদের কাছ থেকে পুনর্দখল করা হয় সেনা সদর দপ্তর। ওদিকে সেনা প্রধান হুলুসি আকারকে জিম্মি করে সেনা সদর দপ্তর থেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় আকিনসিলার বিমান ঘাঁটিতে। এ স্থানটি রাজধানী আঙ্কারা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ওমের সেলিক বলেছেন, অভ্যুত্থান চেষ্টা ৯০ ভাগই নিয়ন্ত্রণে। তবে এখনও কিছু কমান্ডার জিম্মি আছেন।

আপনার মতামত