দেশে বোতলজাত এলপিজি উৎপাদন করবে স্টার কনসোর্টিয়াম
ঢাকা: গৃহস্থালি ও যানবাহনে ব্যবহারের জন্য দেশে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) উৎপাদন করবে স্টার কনসোর্টিয়াম বাংলাদেশ। আগামী বছরের জুলাই বা আগস্টের মধ্যে বাজারে প্রথম এলপিজি বোতল সরবরাহ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ লক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে ইরানের এলপিজি সিলিন্ডার উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান সার্ভিগ্যাসের সঙ্গে ১২ মিলিয়ন মার্কিন ডলারের একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করেছে প্রতিষ্ঠানটি।
স্টার কনসোর্টিয়ামের ভাইস চেয়ারম্যান ও হোটেল ওয়েস্টিনের স্বত্বাধিকারী মোহাম্মদ নূর আলী ও সার্ভিগ্যাসের এমডি শাহরিয়ার রাবি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। স্থলভাগে (অন-শোর) ও গভীর সমুদ্রে (অফ-শোর) গ্যাস অনুসন্ধানের কাজ চলছে। আসা করি, আমরা নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাব। এছাড়া কয়লা ও তেলসহ বহুমাত্রিক জ্বালানির মাধ্যমেও এ চাহিদা পূরণের পরিকল্পনা রয়েছে। এজন্য সরকার এলএনজি আমদানি ও সরবরাহে উত্সাহ দিচ্ছে।
স্টার কনসোর্টিয়াম সূত্রে জানা যায়, সার্ভিগ্যাসের ফিজিবিলিটি স্টাডি রিপোর্টের ভিত্তিতে সোনারগাঁও, কিশোরগঞ্জ ও মংলা এ তিন স্থানের যেকোনো একটিতে এলপিজি কারখানা নির্মাণ করা হবে। কারখানায় ইরানের কারিগরি সহায়তায় এলপিজি বুলেট ট্রাক, স্টোরেজ ট্যাংক, গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত সিলিন্ডার উৎপাদন করা হবে। এজন্য সময় লাগবে ৮ থেকে ১২ মাস। উৎপাদিত এসব এলপিজি পণ্যটির দাম বর্তমানের সমপরিমাণ বা তারও চেয়ে কম হতে পারে।