বাংলাদেশের মৃত্যুহার নিয়ে অতিরঞ্জিত ও ভুল বক্তব্য দেয়ায় লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক: গত ৫ এপ্রিল ২০২০ তারিখে দৈনিক সমকালের প্রথম পাতায় প্রকাশিত “মৃত্যুর হারে বাংলাদেশ ইতালির কাছাকাছি” শীর্ষক ভুল, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সমকাল প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বার্তা সম্পাদক এবং প্রতিবেদক রাজবংশী রায়কে মঙ্গলবার দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব আলমের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুহম্মদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ৫ এপ্রিল ২০২০ তারিখে দৈনিক সমকালের প্রথম পাতায় লিড নিউজ হিসেবে প্রকাশিত “মৃত্যুর হারে বাংলাদেশ ইতালির কাছাকাছি” শীর্ষক প্রতিবেদনটিতে প্রতিবেদনের বক্তব্যগুলো পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর। যেমন, আপনারাই লিখেছেন যে, বাংলাদেশে পরীক্ষার পরিধি বাড়ানো হলে আরও আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবে। অর্থাৎ আপনাদের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে যে পরিমাণ রোগী আছে, তা এখনো পুরোপুরি শনাক্ত হয়নি।
আবার আপনারাই পরবর্তীতে সেই কম সংখ্যক শনাক্তকৃত রোগীর সংখ্যার সাথে মৃত রোগীর সংখ্যার শতকরা হার নির্ণয় করেছেন। যেখানে রোগী কম শনাক্ত হয়েছে, সেখানে মৃত রোগীর সংখ্যার তুলনা করলে মৃত্যুর হার তো বেশি হবেই। কেননা করোনাভাইরাসে মৃতের সংখ্যাটি সরকার কর্তৃক যথাযথভাবেই প্রকাশিত হচ্ছে।
এভাবে আপনাদেরই স্বীকৃত একটি ভুল সংখ্যাকে ভিত্তি ধরে আপনারা বাংলাদেশে করোনাভাইরাসে রোগী মৃত্যুর হার বের করেছেন এবং সেটাকে পত্রিকার লিড নিউজ হিসেবে প্রকাশ করেছেন। অথচ এই ধরনের ভুল তথ্যের কারণে জনমনে অহেতুক আতংক সৃষ্টি হতে পারে এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তির শিকার হতে পারেন।
নোটিশে আরও বলা হয়, করোনাভাইরাসে বাংলাদেশে মৃত রোগীর হারের সাথে ইতালি, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের মৃত্যুর হারের তুলনা তখনই যথাযথ হতো যদি বাংলাদেশেও ওইসব দেশের মতো পর্যাপ্ত শনাক্তকরণ হতো। যথাযথ তথ্য না থাকা অবস্থায় এই ধরনের তুলনার মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর হারটি অতিরঞ্জিত হয়েছে। এই ধরনের ভুল, অতিরঞ্জিত ও অসমর্থিত তথ্যকে সংবাদ শিরোনাম বানানোর মাধ্যমে দৈনিক সমকাল দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। করোনা পরিস্থিতিতে গুজব কিংবা অতিরঞ্জিত তথ্য প্রকাশ না করার জন্য সরকারের তরফ থেকে বারবার গণমাধ্যমের প্রতি আহবান জানানো হয়েছে। এই অবস্থায় দৈনিক সমকাল-এর উল্লেখিত প্রতিবেদনটি দেশের পরিস্থিতিকে অহেতুক ঘোলাটে করে ফেলতে পারে। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী অনুযায়ী ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা একটি দ-নীয় অপরাধ।
নোটিশটিতে নোটিশগ্রহীতাদেরকে এ ধরণে প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে এমন এমন বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত প্রতিবেদন আর প্রকাশ করবেন না- এমন প্রতিশ্রুতির দাবি জানানো হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।