১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট, গরমে দুর্ভোগে যাত্রীরা
নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে-স্কেল ঘোষণাসহ ১৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে এ দু’টি সংগঠন। এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে ধর্মঘট শুরু করেন নৌযানে কর্মরত শ্রমিক-কর্মচারীরা। ধর্মঘটের কারণে সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে গেছেন অনেকেই।
দুপুর ২টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে গ্রিন লাইন-৩, এম ভি ফারহান-১, ময়ূর-২, ময়ূর-৭ ও রিয়াজ-২ যথাক্রমে বরিশাল, চাঁদপুর ও দুবলারচরের উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া সকাল থেকে ঘাটে ভিড়েছে প্রায় ১০টার মতো নৌযান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাট টার্মিনালের পরিদর্শক মাহফুজ জানান, যাত্রী থাকা সত্ত্বেও স্বাভাবিক দিনের চেয়ে লঞ্চ কম ছাড়া হচ্ছে। দুপুর ২টার দিকে পঞ্চম লঞ্চটি ছেড়ে গেছে।
শরীয়তপুর যাওয়ার উদ্দেশে সকালে ঘাটে এসে বেকায়দায় পড়েছেন শাহদত হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বেলা ১১টার দিকে তিনি বলেন, সকাল থেকে অপেক্ষা করছি শরীয়তপুরের কোনো লঞ্চ পাচ্ছি না। বুঝতে পারছি না কিভাবে যাবো। বরিশাল যেতে চান সাহেরা নামে এক গৃহবধূ। সকালে বরিশালগামী গ্রিন লাইন-৩ মিস করায় আর কোনো লঞ্চ পাচ্ছেন না বলে জানান তিনি।
গাজীপুরে বেড়াতে এসেছিলেন এইচএসসি পরিক্ষার্থী দুই বন্ধু আব্দুর রহমান ও আবুল হোসেন। সকালে ঘাটে এসে শোনেন ধর্মঘট চলছে। তাই দু’জনের বাড়ি ফেরা (চাঁদপুরে) অনিশ্চিত হয়ে পড়েছে। তবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট আহ্বানকারীদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখা যায়নি সদরঘাট টার্মিনাল এলাকায়।
নৌযান ধর্মঘট প্রত্যাহারে উদ্যোগ নেই:
লাগাতার নৌযান শ্রমিক ধর্মঘটে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে অচলাবস্থা অব্যাহত রয়েছে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনায় বসতে কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি। সরকারের তরফেও কোনো উদ্যোগ নেই। ফলে পুরো পরিস্থিতি গোলমেলে। এদিকে ধর্মঘট পালন করা শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই মালিকরা ঘোষণা দিয়ে নৌযান চালানোর চেষ্টা করছেন। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখতে অনড় নৌযান শ্রমিকরা।
মালিকদের ঘোষণার পর দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে বৃহস্পতিবার ঢাকার সদরঘাট লঞ্চ ঘাট থেকে কিছু যাত্রীবাহী লঞ্চ ছেড়ে গেছে। বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে একটিমাত্র লঞ্চ। দক্ষিণাঞ্চলের অনান্য জেলা থেকে কোনো লঞ্চ চলাচল করছে না।
ধর্মঘটের মুখে দেশের দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মঙলায় পণ্য খালাস, পরিবহন এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণ বন্ধ রয়েছে।
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বুধবার মধ্যরাত থেকে অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।