নতুন নিয়ম ভারতীয় ভিসায়, এখন ই-টোকেন ছাড়াই ভারত ভ্রমণ

ডেস্ক: ঢাকায় ভারতীয় দূতাবাস তাদের ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। নতুন নিয়মে আজ থেকে টুরিস্ট ভিসার আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহার যোগ্য একটি পাসওয়ার্ড মোবাইল ফোনে এসএমএস করবে ভারতীয় দূতাবাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন জানাচ্ছে, এসএমএসটি দেখিয়ে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসিতে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীদের নিজের মোবাইল নম্বরসহ অনলাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে।

তবে, ৫ই জুন পর্যন্ত যেসব আবেদনকারী বর্তমান ব্যবস্থায় সাক্ষাতের জন্য তারিখ পেয়েছেন, তাদের জন্য নতুন নির্দেশনা প্রযোজ্য হবে না।

সাক্ষাতের তারিখ নির্ধারণের জন্য দূতাবাসের এখনকার যে পদ্ধতি কার্যকর রয়েছে তা নিয়ে বাংলাদেশে বিস্তর বিতর্ক রয়েছে।

ভিসা প্রার্থীদের অভিযোগ অর্থ লেনদেন ছাড়া বাংলাদেশের কোনো ভিসা প্রার্থীই ভারতীয় দূতাবাসে সাক্ষাতের তারিখ নিতে পারেন না।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সময়কাটাতে ভারত ভ্রমণে উৎসাহী করতে ই-টোকেন ছাড়াই ভারত ভ্রমণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে  ভারতীয় হাইকমিশন।

সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়াই ভ্রমণ ভিসা আবেদনপত্র গ্রহণের জন্য ঈদ ক্যাম্পের আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আগামী ৪ থেকে ১৬ জুন পর্যন্ত (১০ জুন ছাড়া) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আবেদন করা যাবে। ঈদ ভিসা ক্যাম্প হবে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়কে।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বারিধারায় পার্ক রোডের চ্যান্সেরি গেট দিয়ে ক্যাম্পে ঢুকতে হবে। ক্যাম্পের ভেতর কোনো ব্যাগ ও মোবাইল ফোন আনা যাবে না। বাংলাদেশে প্রথমবারের মতো আসন্ন ঈদের ছুটিতে ভারত ভ্রমণ–ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থায় এ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

তবে যেসব আবেদনকারীর সাক্ষাতের তারিখ বা ই-টোকেন আছে, তারা ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মতিঝিল এবং ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ ও খুলনায় আইভিএসি কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন। মেডিকেল, বিজনেস ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্র সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রগুলোতে নেয়া হবে।

ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য শুধু এ ক্যাম্প খোলা থাকবে। আবেদনকারীদের স্বশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণ–ইচ্ছুক পরিবারের সদস্যদের (পিতা-মাতা/ ছেলে-মেয়ে/ স্বামী-স্ত্রী) পক্ষে একজন আবেদনপত্র জমা দিতে পারবেন।

আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ আবেদন করার তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।

ভিসা আবেদন গ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনের আউটসোর্সিং এজেন্সি ইন্ডিয়ান ভিসা অ্যাপলিকেশন সেন্টারের ভিসা প্রসেসিং ফি ৬০০ টাকা। ভিসা প্রসেসিং ফি ছাড়া আর কোনো ভিসা ফি নেই। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনের কোনো এজেন্ট বা মাধ্যম নেই। ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দানকারী ব্যক্তিকে কোনো টাকা না দেওয়ার জন্যও বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো তথ্যের জন্য ০৯৬১২ ৩৩৩৬৬৬ এবং ০৯৬১৪ ৩৩৩৬৬৬ ফোন করতে বলা হয়েছে।

আপনার মতামত