তিনদিনের রিমান্ডে চার অবৈধ অস্ত্র ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার চার অবৈধ অস্ত্র ব্যবসায়ীর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. হোসেন, লাল তন পাংখোয়া, মো. আলী আকবর ও মো. আদিলুর রহমান সুজন।
সোমবার (১ নভেম্বর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (৩১ অক্টোবর) রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
এসময় তাদের কাছে থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৩০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে যাত্রাবাড়ী থানায়।
মামলা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার ৩৩/১ জনপথ মোড়, সায়দাবাদ বাসস্ট্যান্ডের শ্যামলী ৬ নম্বর বাস কাউন্টারের সামনে কয়েকজন ব্যক্তি অস্ত্র-গুলি কেনাকাটার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলা থেকে আরও জানা যায়, গ্রেফতার লাল তন পাংখোয়া রাঙ্গামাটি বরকল সীমান্ত দিয়ে ভারতের মিজোরাম থেকে অস্ত্র-গুলি নিয়ে আসতেন। এরপর তিনি সেগুলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলসহ ঢাকা ও কক্সবাজারে বিক্রি করতেন।
অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচার উদ্দেশ্যে গ্রেফতার হোসেনের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত ছিল লাল তনের।
আর আকবর ও আদিলুর রহমান সুজন হলেন হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। তারা দীর্ঘদিন ধরে হোসেনের নিকট থেকে অবৈধ অস্ত্র-গুলি কিনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও ব্যক্তির নিকট বিক্রি করতেন।