ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে নিলেন শিক্ষার্থীরা

ঢাকা: রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে রোদ বৃষ্টির মধ্যে কাজ করছে ছাত্ররা। পুলিশের অনুপস্থিতিতে তারা কাঁধে তুলে নিয়েছেন ট্রাফিকের দায়িত্ব। গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেনাসদস্যরা। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কারফিউর পর গতকাল রাস্তায় যথেষ্ট যানবাহন চোখে পড়ে। বাস থেকে শুরু করে সব ধরনের যানবাহনই রাস্তায় চলাচল করতে শুরু করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যেই পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই নানা স্থানে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। পুলিশের সাথে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এর পর থেকেই গা ঢাকা দেয় পুলিশ। নগরীতে ঘুরে গতকাল কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলেনি। ফলে ছাত্র ও জনতা নিজের কাঁধে তুলে নিয়েছে ট্রাফিকের দায়িত্ব।

বিজয় সরণিতে দেখা গেছে কয়েক জন ছাত্র-জনতা লাঠি হাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। চার রাস্তার এই মোড়ে অনেকটা অভিজ্ঞ ট্রাফিকের মতোই হাতনেড়ে যানবাহনগুলোকে সঙ্কেত দিচ্ছেন তারা। এক পাশের যানবাহন ছাড়লে অন্য তিন দিকের যানবাহন আটকে রাখছেন বাকিরা। নিয়মিতভাবে গাড়ি ছাড়ছেন এসব স্বেচ্ছাসেবীরা। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করছে এসব ছাত্র-জনতা।

শরীরে সাদা টিশার্ট, জিন্স ও হাতে ছোট লাঠি হাতে ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের একজন তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাইমুম হোসেন। বলেন, কোথাও পুলিশ নাই। আমরা যেহেতু একটা জঞ্জাল দূর করেছি এই ট্রাফিকও দূর করতে পারব। শিক্ষার্থীদের এমন ভূমিকায় খুশি নগরবাসী। মিরপুর-১০ নম্বরের যাত্রী কাজী কামাল হোসেন বলেন, ট্রাফিক পুলিশের থেকে ভালো ভূমিকা পালন করছে আমাদের ছেলেরা। এই সোনার ছেলেরা দেশ থেকে যখন স্বৈরাচার দূর করতে পেরেছে ট্রাফিক জ্যাম নিরসন করতে পারবে। তিনি বলেন, আমি নিয়মিতভাবে এই রুটে যাতায়াত করে থাকি আমার মনে হয় ট্রাফিক পুলিশের থেকে ছাত্ররা ভালো ভূমিকা পালন করছে।

তবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এক ভিডিও বার্তায় পুলিশকে দৃঢ় মনোবল ও ধৈর্যসহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হলো আনসারকে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি) ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো: রুবেল হোসাইনের পাঠানো এক মোবাইল বার্তায় এ তথ্য জানানো হয়।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন। এর পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে অনেক থানা থেকে চলে গেছেন পুলিশ সদস্যরা। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না।

আপনার মতামত