অস্ট্রেলিয়ার শহরে বাদুরের আক্রমণ, জরুরী অবস্থা ঘোষণা (ভিডিও)
নিউজ নাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাটেমানস বে শহরের পুরো শহরজুড়ে প্রায় ১ লাখের মতো বাদুড় আক্রমণ করেছে একযোগে! অবস্থা এমন যে শহরের প্রায় সব বাড়ির ছাদে, সব গাছে জেঁকে বসেছে ধূসর রঙের ‘গ্রে হেডেড ফ্লাইং ফক্স’ নামের এক জাতের বাদুড়।
এরা সাধারণত ৯ থেকে ১১ ইঞ্চি লম্বা হয়, ওজন হয় ১ কেজির মতো। দুই পাশে ডানা মেলে ধরতে পারে ৩ ফুট ৩ ইঞ্চি পর্যন্ত। ডেনিয়েল স্মিথ নামক এক নারী বাদুড়ের এই অদ্ভুত আক্রমণের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেছেন, ‘ঘরের জানালা খুলতে পারছি না। ধোয়া জামাকাপড় শুকাতে বাইরে দড়ি ব্যবহার করতে পারছি না। পড়ালেখাও করতে পারছি না, একনাগাড়ে চলা বাদুড়ের শব্দে। সত্যি, এটা মজার কিছু না। হঠাৎ করেই এল বাদুড়গুলো এবং এরা নিয়ন্ত্রণহীন হয়ে গেল। এদের জন্য এখন আমরা আতঙ্কে আছি।’
স্থানীয় প্রশাসন ওই বাদুড়গুলোকে শহরছাড়া করার ব্যবস্থা নিচ্ছে। তবে পশুকল্যাণ সংস্থাগুলো বলছে কঠোর কোনো পদক্ষেপ না নিয়ে কিছুদিন ধৈর্য ধরাই ভালো। এদিকে, ফ্লাইং ফক্স টাস্কফোর্সের কর্মকর্তা রাসেল স্নেইডার বলেছেন, ‘এটা ব্যাপক, অভূতপূর্ব ঘটনা। এত বেশি বাদুড় এমনভাবে একসঙ্গে আগে দেখা যায়নি।’
ফ্লাইং ফক্স টাস্কফোর্সের আরেক কর্মকর্তা জানিয়েছেন, শহরের বেশির ভাগ মানুষই নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই ঘরে বন্দিদশা কাটাচ্ছেন। বাদুড়ের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না। গ্রে হেডেড ফ্লাইং ফক্স জাতের বাদুড় বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকাভুক্ত, তাই প্রশাসনের লোকেরা এদের শিকার করতে পারবে না। বরং ধোঁয়া ও শব্দের মাধ্যমে বাদুড়গুলোকে শহরছাড়া করার উপায় খুঁজছে প্রশাসন। আরেকটা উপায় ভাবা হচ্ছে, স্থানীয় সব শস্যখেত নষ্ট করা। এরই মধ্যে গাছ কেটে ফেলা হচ্ছে। এ ব্যাপারে পশুকল্যাণ সংস্থাগুলো আপত্তি জানালেও তর সইছে না স্থানীয়দের। তারা খুব দ্রুত এই আতঙ্কজনক পরিস্থিতির সমাধান চান।
নিউ সাউথ ওয়েলসের পরিবেশমন্ত্রী মার্ক স্পিকম্যান এ ব্যাপারে শহরের লোকদের আশ্বস্ত করেছেন। বিরক্তিকর ওই বাদুড়ের দলকে শহরছাড়া করতে স্থানীয় প্রশাসন এরই মাঝে ১.৮ মিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে।
https://www.youtube.com/watch?v=FJ5NcDWsRfo