৬ষ্ঠ শ্রেণির ছাত্র এখন ভ্যানচালক!

৬ষ্ঠ শ্রেণির ছাত্র এখন ভ্যানচালক!

টাঙ্গাইল সংবাদাদাতা: ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্র। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। সরকারী বিধিনিষেধের পরও ব্যাটারি চালিত অটো-ভ্যান নিয়ে রাস্তায় নেমেছে। পরিবার ও নিজের হাত খরচের জন্য সামান্য আর্থিক চাহিদা পূরণ করতে তিনি অটো-ভ্যান হাতে তুলে নিয়েছেন। সরকারী বিধিনিষেধে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তার পরিবারকে সহযোগিতা করছেন ওই কোমলমতি শিশু শিক্ষার্থী ছেলেটি। তার কাছে প্রশ্ন ছিল কেন তুমি অটো চালাচ্ছো। সহজ সরল উত্তর স্কুল বন্ধ, তাই আব্বুকে বলে অটো-ভ্যানটি নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়েছি।

রাকিব টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর শহরের শিয়ালকোল এলাকার লবণ ব্যবসায়ী হাকিমের ছেলে। সে তার পাশের এলাকার ভারই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। রাকিব বলেন- স্কুল বন্ধ। কি করব, পড়াশোনা ও নেই। আমার বন্ধুরা মোবাইলে অনলাইন ক্লাস করে। কিন্তু আমার ফোন না থাকায় ক্লাস করতে পারি না।

অনেক শিক্ষার্থী অলস সময় পার করলেও কেন অটো-ভ্যান নিয়ে রাস্তায় বের হতে হয়েছে এমন প্রশ্নের জবাবে রাকিব বলেন- কয়েকমাস আগে আব্বুকে বলেছিলাম একটা মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য। আব্বুর কাছে টাকা না থাকায় তার অটো-ভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছি। এছাড়াও সংসার খরচের কিছু টাকাও এতে হয় যদি।’

এদিকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অহরহ খোঁজ মেলে এমন শিশুর। সংশ্লিষ্টরা মনে করছেন, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে শিশু শ্রম বাড়ার পাশাপাশি স্কুল থেকে মুখ ফিরিয়ে নেবে। স্থানীয় অটো-ভ্যান চালকদের কাছ থেকে জানা যায়, প্রত্যেক শিশু প্রথমে অটো-ভ্যান খেলার হাতেখড়ি হয় তাদের। আমাদের মতো নিম্ন আয়ের সন্তানরা বেশি ভাগ সংসারের আর্থিক সংকট দূর করতে নিরুপায় হয়ে এমন কাজে করাতে বাধ্য করতে হয়।

অটো-ভ্যান চালকরা আরও বলেন- দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনার প্রতি তাদের কোন আগ্রহ নেই। এতে করে শিক্ষার্থী আরও অকালে ঝড়ে পড়ছে। অনলাইন ক্লাসের নামে ক্ষুদে ছাত্ররা মোবাইলে নানা ধরণের গেমসে আসক্ত হচ্ছেন। এছাড়া এমন অনেক হতদরিদ্র পরিবার আছে, যেখানে শিশু শিক্ষার্থীরা সংসারের খরচ চালাতে ভাড়ায় ভ্যানগাড়ি চালিয়ে বা অন্যান্য কাজকর্ম করে সংসারের হাল ধরে থাকেন।

শুধু রাকিব নয়। তার মতো নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে গিয়ে পরিবারের অর্থের যোগান দিচ্ছেন নানা ধরণের কাজ করে। উপজেলার পৌর শহর, গোবিন্দাসী বাজার, মাটিকাটা, নিকরাইল, সিরাজকান্দি বাজার, পাথাইলকান্দি (যমুনা) সেতু বাজারসহ বিভিন্ন ছোট-বড় হাটবাজার ঘুরে দেখা যায় রাস্তায় অহরহ কম বয়সের শিশুরা ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চালিয়ে যাচ্ছে, বেশি গতিতে গাড়ি চালিয়ে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে দেখা গেছে শিশু চালক-যাত্রীদের। অনেক অভিভাবক আজকাল নিজেই ভ্যানগাড়ির চাবি তুলে দিচ্ছেন তার সন্তানদের হাতে।

উপজেলার ভারই দ্বি-মুখী উচ্চ বিদ্যােেলয় প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, স্কুল বন্ধ থাকায় শিশুরা এখন বাডীতে অলস সময় পার করছে। আমার প্রতিষ্ঠানটি প্রান্তিক এলাকায় হওয়ায় বেশীর ভাগ শিশুই হতদরিদ্র পরিবার থেকে এসেছে। রাস্তা-ঘাটে আমার স্কুলের অনেক শিক্ষার্থীকেই দেখি ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে যাত্রী কিংবা মালামাল পরিবহন করছে। অভিবাভকেরা যদি সচেতন না হন, তবে কিছুদিন পর এই শিক্ষার্থীরা আর স্কুলে আসবে না। আমার মনে হয়, শিশুদের এ ধরণের ঝুঁকিপূর্ণ কাজের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম জানান, বিষয়টি দুঃখজনক, স্কুল বন্ধ থাকার কারণে ও পারিবারিক অসচ্ছলতায় অনেক শিশুকেই আজকাল এ ধরণের ব্যাটারি চালিত অটো-ভ্যান যানবাহনগুলো চালাতে দেখা যাচ্ছে।

আপনার মতামত