‘বেসরকারি শিল্প খাতকেও এগিয়ে নিতে হবে’
নিজস্ব প্রতিবেদক: দেশকে উন্নত করতে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি শিল্প খাতকেও এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বহু শিল্প স্থাপনের সুযোগ দিয়েছেন। পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পে প্রণোদনা দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে তৃণমূল পর্যায়ের খামারিরা যাতে বিপন্ন অবস্থায় না পড়ে, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য তাদের প্রণোদনা, নগদ সহায়তা দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি।
শনিবার রংপুরের বদরগঞ্জে বেসরকারি অ্যাগ্রো বেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত হাইটেক ডেইরি ফার্ম এবং ‘বাকারা’ পাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, খাবারের একটা বড় অংশের যোগান দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট মৎস্য ও প্রাণিসম্পদ খাত। লকডাউনের সময় বিদেশ থেকে মৎস্য ও প্রাণীখাদ্য আনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছিল। মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে খাদ্য সমস্যার সমাধান করা হয়েছে। একইভাবে রফতানি ও আমদানির ক্ষেত্রে যতটুকু সুযোগ-সুবিধা প্রয়োজন ছিল, আমরা দিয়েছি।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সম্পৃক্তদের চরম বিপর্যস্ত অবস্থায় পড়তে হয়নি। এমনকি এ খাতের শিল্পোদ্যোক্তাদের জন্য উৎসে কর বাদ দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তাদের বলবো, বেসরকারি খাতে কোনো সহযোগিতা লাগলে তাদেরকে লাল ফিতার দৌরাত্ম্য দেখাবেন না। যেকোনো মূল্যে তাদের সহায়তা করতে হবে, যাতে তারা এই খাতকে পরিত্যক্ত করে চলে না যান। তাদের পাশে দাঁড়াতে হবে। বেসরকারি খাতের পাশে দাঁড়ানোর মানে হলো বাংলাদেশের উন্নয়নের পাশে দাঁড়ানো।