দুই বাসের রেষারেষিতে নিহত ৩ পথচারী
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তিন পথচারীর। গতকাল শুক্রবার (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিস সোনারগাঁওয়ের কাঁচপুর ওভারব্রিজের সামনে প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক পরিবহনের পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এলাকাবাসী দুই বাসকে জব্দ করে করে। তবে বাসের চালক ও হেলপার এ সময় পালিয়ে যান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।