ত্রাণসামগ্রী নিয়ে বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বন্যাকবলিত এলাকায় শুষ্ক খাবারসহ ত্রাণসামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। ইতিমধ্যে আগ্রাসী বন্যায় ১৬টি জেলার ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলাগুলো হচ্ছে- সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ ও রাজশাহী।
এক সরকারি রিপোর্টে বলা হয়, এসব জেলায় বন্যায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৯৩,৪৯৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ৫.৫০ কোটি টাকা এবং ১৩০০০ টন চাল বরাদ্দ দিয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একথা জানান।