জনবল দুর্বলতায় সাইবার ঝুঁকিতে ব্যাংকখাত
নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা থাকলেও এখনো তথ্য সংরক্ষণের ঝুঁকিতেই রয়েছে ৩৬ শতাংশ ব্যাংক। এছাড়া প্রয়োজনের তুলনায় দক্ষ জনবলের ঘাটতি রয়েছে প্রায় ৮০ শতাংশ। এমন অবস্থায় বিশেষজ্ঞরা ভার্চ্যুয়াল ব্যাংকিং-এ পিছিয়ে পড়ার কথা বললেও, ব্যাংকাররা বলছেন, সক্ষমতা অর্জনে অনেকটাই এগিয়েছে এ খাত। আর প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদারে কম ব্যয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের।
গবেষণায় দেখা গেছে, উত্তর ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ৮০ শতাংশ সাইবার হামলাই হয়ে থাকে প্রাতিষ্ঠানিকভাবে। সবচেয়ে বেশি সাইবার হামলা হয় আর্থিক সেবা খাতে। খাতওয়ারি তা ২৪ শতাংশ। এর মধ্যে শুধু এটিএম কার্ডের দুর্বলতার কারণেই ঘটেছে অধিকাংশ সাইবার হামলা।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)’র ২০১৯ সালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতে, তথ্য সংরক্ষণের ঝুঁকিতেই রয়েছে ৩৬ শতাংশ ব্যাংক। সর্বোচ্চ ১৬ শতাংশ ঝুঁকিতে রয়েছে ব্যাংকগুলোর গ্লোবাল ফরেন এক্সচেঞ্জ (জিএফএক্স) এবং মধ্যম ঝুঁকিতে ১২ শতাংশ। আর আধুনিকায়নের পথে ৩২ শতাংশ ব্যাংক। এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)’র সভাপতি সৈয়দ মাহবুবুর রহমানের দাবি, আধুনিকায়ন ও নিরাপত্তা নিশ্চিতে এগিয়েছে ব্যাংকগুলো।