কমিটির সাবেক সদস্য বলে কলেজ ভবনেই বসবাস!
নিজস্ব সংবাদদাতা: রাজধানীর উত্তরা আইডিয়াল কলেজের সাবেক গভর্নিং বডির (জিবি) সদস্য এসএমএইচ রশিদ বাবু। আর সে কারণেই জোর করে কলেজ ভবনে বসবাস করেন তিনি। অধ্যক্ষকে মারধর করার অভিযোগে মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় কলেজটির অ্যাকাডেমিক কার্যক্রম ভেঙে পড়েছে। কলেজটির অধ্যক্ষ ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
কলেজের অধ্যক্ষ শাহনাজ ইয়াসমিন বলেন, পুরো কলেজটি তিনি দখলে রেখেছেন। আমাকে এই কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে আমি কলেজে দায়িত্ব পালন করতে পারছি।
অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ অফিস আদেশে বলেন, কলেজ ভবনে সাবেক কমিটির সদস্য এসএমএইচ রশিদ বাবু বসবাস করেন, যা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলেএসএমএইচ রশিদ বাবু বলেন, ‘লেজের নামে ভবনের ছয়তলা পর্যন্ত ভাড়া নেওয়া আছে। ভবনটি হলো সাড়ে ছয়তলা। আমি থাকি ছাদের ওপরে চিলেকোঠায়। সেখানে দুটি রুম আছে, আমি সেটা মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে থাকি। কলেজের মধ্যে আমি থাকি না। আর অধ্যক্ষের মারধরের মামলাটি আমার বিরুদ্ধে সাজানো।
এদিকে রাজধানীর উত্তরা আইডিয়াল কলেজের পাঠদানের অনুমতি স্থগিত করতে পত্র দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত মঙ্গলবার অধ্যক্ষকে পত্র দিয়ে কেন স্থায়ীভাবে পাঠদান স্থগিত করা হবে না তা জানতে চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৭ কর্মদিবসের মধ্যে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে শিক্ষা বোর্ড।