পবিত্র মদীনা নগরীতে প্রধানমন্ত্রী, রাতে পবিত্র রওজা শরীফ জিয়ারত
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা থেকে পবিত্র নগরী মদিনায় পৌঁছেছেন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টার একটি বিশেষ ফ্লাইটে মদিনায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় গভর্নর বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বর্তমানে তিনি মসজিদে নববীর অদূরে হোটেল হিলটনে অবস্থান করছেন ।
দুপুরে মসজিদে নববীতে জোহরের নামাজ পড়েন শেখ হাসিনা। দিনের অন্যান্য ওয়াক্তের নামাজ ও তারাবীর নামাজও তিনি সেখানে আদায় করবেন। রাতে জিয়ারত করবেন আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম রওজা শরীফ।
সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে মঙ্গলবার জেদ্দা পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই রাতেই তিনি মক্কায় ওমরাহ পালন করেন।
এর আগে রবিবার জেদ্দায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সৌদি বাদশাহর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এছাড়া সৌদি আরবের অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও শ্রম মন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ওআইসির মহাসচিব ও আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফর শেষে মঙ্গলবার সকালে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
আব্দুল আজিজের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে গত শুক্রবার জেদ্দায় পৌঁছান।