মূলধন বাড়লো সাড়ে ৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: টানা দুই সপ্তাহ পতনের পর গেল সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে পার করেছে দেশের শেয়ারবাজার। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে হাজার কোটি টাকা বেড়ে গেছে। তবে আগের দুই সপ্তাহের পতনে বাজার মূলধন কমে তিন হাজার কোটি টাকা।
গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল পাঁচ লাখ ৬২ হাজার ২১৮ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে চার হাজার ৫৩৪ কোটি টাকা। আগের দুই সপ্তাহে বাজার মূলধন কমে তিন হাজার ১৭ কোটি টাকা।
বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মেলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। অর্থাৎ বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ বেড়ে যায়। একইভাবে বাজার মূলধন কমলে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কমে যায়।
বাজার মূলধন বাড়ার পাশাপাশি গেল সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৫টির। আর ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে গেল সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৬২.৪৩ পয়েন্ট বা.৮৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪.০৩ পয়েন্ট বা ০.০৬ শতাংশ। তার আগের সপ্তাহে সূচকটি কমে ৭৮.১৪ পয়েন্ট বা ১.১০ শতাংশ।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি টানা দুই সপ্তাহ পতনের পর গেল সপ্তাহে বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহজুড়ে এই সূচকটি বেড়েছে ৫.১৫ পয়েন্ট বা ০.২০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ।
প্রধান মূল্যসূচক ও ভালো কোম্পানি নিয়ে গঠিত বাছাই করা সূচকের পাশাপাশি গেল সপ্তাহে বেড়েছে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক। গেল সপ্তাহে এই সূচকটি বেড়েছে ১৩.৩৭ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪.২৭ পয়েন্ট বা ০.২৮ শতাংশ।
গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৩২৩ কোটি ৫৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় এক হাজার ২৮৫ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৭৮ লাখ টাকা বা ২.৯৪ শতাংশ।
আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ছয় হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ছয় হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ৯২ লাখ টাকা বা ২.৯৪ শতাংশ।