ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা, এবার আইএস’র দায় স্বীকারোক্তির পালা

ঝিনাইদহ: জেলার সদর উপজেলায় অনন্ত গোপাল গাঙ্গুলি (৬৫) নামের এক পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহত অনন্ত গোপাল গাঙ্গুলি নলডাঙ্গা মন্দিরের পুরোহিত ছিলো। তিনি উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত সত্য গোপাল গাঙ্গুলির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে মন্দিরে যাচ্ছিলেন আনন্দ গোপাল। পথে মহিষাডাঙ্গা গ্রামের মাঠে মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, মোটরসাইকেলে করে আসা তিনজন পুরোহিতের ওপর হামলা করে। তারা প্রথমে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এর পর জবাই করে হত্যার পর মোটরসাইকেলে করে চলে যায়।

গত রোববার নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে নিজ দোকানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যেই  সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএস সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

এ ছাড়া গত মাসে ঝিনাইদহের পার্শ্ববর্তী কুষ্টিয়ায় এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করে পরে খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগ এনে তার দায় স্বীকার করে আইএস।

এদিকে ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যার খবরটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ কেউ মন্তব্য করে লিখেছেন, ‘এবার আইএস’র দায় স্বীকারের পালা’।

আপনার মতামত