বছরে ভারতে পাচার হয় ৫০ হাজার নারী-শিশু

নিজস্ব প্রতিবেদক: সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে দালাল চক্রের হাতে প্রতিবছর দেশের বিভিন্ন সীমান্ত পথে প্রায় ৫০ হাজার নারী-শিশু ভারতে পাচারের শিকার হচ্ছে বলে জানিয়েছে ব্রাক।

মঙ্গলবার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বেনাপোল পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জনসচেতনতামূলক সভায় ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

এসময় তিনি আরও জানান, ২০১৮ সালের পর যারা বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন মানুষদের পাশে দাঁড়াতে নানাভাবে সহযোগিতা প্রদান করছে ব্র্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু বলেন, নানা প্রলোভনে প্রতিনিয়ত আমাদের আশপাশ থেকে পাচারের শিকার হচ্ছে শত শত নারী-শিশু। দেশে এসব নারী, শিশুদের কর্মসংস্থান সৃষ্টি আর প্রশাসনিক নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে পাচার প্রতিরোধ সহায়ক হবে। এছাড়া পাচার প্রতিরোধে কাজ করা প্রশাসন ও বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

আপনার মতামত