রোহিঙ্গারা ফের এলে গ্রহণ করবে না বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা ফের এলে গ্রহণ করবে না বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অনেকেই আশংকা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে বাংলাদেশে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের গ্রহণ করবে না বাংলাদেশ। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা সরকার ভেবে দেখবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
ড. মোমেন বলেন, মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাবো। আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের উপর আস্থা রাখছি।

তিনি আরো বলেন, চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ। কারণ দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না।

আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সরকার:

কাতারের দোহাভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আমরা দেখি কীভাবে কী করা যায়। তথ্যগত যদি ভুল থাকে সেগুলো নিয়ে নিশ্চয়ই আইনি ব্যবস্থা নিতে পারবো।’

আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘আল জাজিরা আরও কয়েকটি পর্ব দেখাবে শুনেছি। কিন্তু সম্প্রচার বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। আমরা আশা করবো আল জাজিরা আরও দায়িত্ববান হবে। অনেকের ধারণা, কেউ তদের টাকা দিয়েছে এবং এজন্য তারা এই প্রোগ্রাম করেছে।’

তিনি বলেন, আল জাজিরা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং মনে হচ্ছে এটি ফেক নিউজ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল জাজিরা একটি ছবি দিয়ে বলছে, প্রধানমন্ত্রীর পেছনে দুই জন ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং বলছে তারা নাকি প্রধানমন্ত্রীর দেহরক্ষী। প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেতা ছিলেন, তখনও ওনার দেহরক্ষী ছিল না। দলের নেতাকর্মীরাই ওনার দেহরক্ষী। ছবির পেছনে কেউ দাঁড়িয়ে থাকলে দেহরক্ষী হয়ে যাবে এটি ঠিক নয়। এটি ডাহা মিথ্যা, আল জাজিরার মতো নামকরা মিডিয়া এটা দিয়েছে।’

আল জাজিরার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এটির নিন্দা জানিয়েছি। আল জাজিরা বাংলাদেশের ভালো দেখতে পারে না। শুধু বাংলাদেশ না, মুসলমান দেশগুলোর যত দোষ খুঁজে বের করা আল জাজিরার কাজ।’
চ্যানেলের টাকা দেয় কাতার, কিন্তু এর সব প্রোগ্রামের ডিজাইন করে ব্রিটিশরা- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের একজন জামাই (ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান) ওদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এটি খুব দুঃখজনক যে তারা আমাদের ভালো জিনিসের বিপক্ষে আছেন।’

আপনার মতামত