টিসিবির ৫১০ বস্তা পেঁয়াজসহ গ্রেফতার ১
ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহে টিসিবির ৫১০ বস্তা পেঁয়াজসহ নিরঞ্জন সাহা নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল শুক্রবার ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর খাগডহর ঘুন্টি বাজার এলাকার মেসার্স রুম্পা এন্টারপ্রাইজ থেকে পেঁয়াজগুলো জব্দ করা হয়।
র্যাব-১৪ এসআই মাহবুব আলম জানান, মেসার্স রুস্পা এন্টারপ্রাইজের মালিক নিরঞ্জন সাহা টিসিবির ৫১০ বস্তা পেঁয়াজ চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে ট্রাকে বোঝাই করছে। এমন সংবাদে অভিযান চালিয়ে ৫১০ বস্তা পেঁয়াজ ও ট্রাকসহ নিরঞ্জন সাহাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, নিয়ম নীতি না মেনে নিত্যপ্রয়োজনীয় টিসিবির পেঁয়াজসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মজুদ রেখে কালোবাজারি করে বিক্রি করছিলো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার পর থানায় হস্তান্তর করা হয়েছে।