সব নাগরিককে পেনশন দেয়ার কথা ভাবা হচ্ছে -পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনার কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্র্যাব’র এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইতিমধ্যে অনেক পেশায় পেনশন প্রথা চালু রয়েছে। বাকিদের জন্য পেনশন সুবিধা দেওয়া যায় কিনা তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। সব ক্ষেত্রে ব্যয় বাড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমের ক্ষেত্রেও ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কল্যাণ ফান্ড সার্বিক প্রয়াসের অংশ হতে পারে।
সকল ক্ষেত্রে ব্যয় বাড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমের ক্ষেত্রে ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণ ফান্ড গঠন সার্বিক প্রয়াসের অংশ হতে পারে।
যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, সাংবাদিকদের কর্মকান্ডের মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে চলে আসেন। যখন কোনো সাংবাদিক মারা যায় তখন ওই পরিবারটি চোখে অন্ধকার দেখে। তিনি প্রয়াত সদস্যদের পরিবারের নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য ক্র্যাব নেতৃবৃন্দকে আহ্বান জানান।
তিনি সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করতে পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য একটি কল্যাণ ট্রাষ্ট রয়েছে। কিন্তু তা পর্যাপ্ত নয়। যারা রিপোর্টার তাদের জন্য আলাদা কল্যাণ ট্রাষ্ট গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন। প্রতিটি ডিপার্টমেন্টকে জাগিয়ে তোলেন সাংবাদিকরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মিজান মালিক সাংবাদিকদের কল্যাণে ‘কল্যাণ ফান্ড’ গঠনে সহায়তা করতে পরিকল্পনা মন্ত্রীকে আহ্বান জানান।