মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি
নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহের মধ্যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৬ দফা দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার বলেন, ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ বাতিল করা হয়েছে। এ সনদ বাতিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করি। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদ বাতিল করা হয়, তাহলে এ দেশ কারা চালায়?’
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের চাকরিতে প্রবেশের বয়স শেষ হয়ে যাওয়ার পর ১৯৯৭ সালে এ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদেরকে প্রধানমন্ত্রী দিয়েছিলেন। কিন্তু তা বাতিলের মাধ্যমে বিতর্কিত করা হয়েছে। যারা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে কড়া জবাব দিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম প্রস্তুত আছে। সমাবেশ থেকে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলন ও উচ্চ আদালতে যাওয়ার হবে বলে জানান।