মাছ-গোশতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ -প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাছ-গোশতে স্বয়ংসম্পূর্ণ হলেও দুধ উৎপাদনে এখনও পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। রোববার রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘পোল্ট্রি শিল্প এবং প্রাণিসম্পদ খামামিদের শুধু নিজেদের লাভ না দেখে দেশের ও জনগণের স্বার্থও দেখতে হবে। এ বিষয়ে সচেষ্ট থাকলে খাদ্যে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ক্ষতিকর উপাদানের ব্যবহার কমে আসবে। এর ফলে নিরাপদ প্রাণিপুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ক্ষতিকর এমবিএম ফিড আমদানি নিষিদ্ধ করা হয়েছে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা মাছ-গোশতে স্বয়ংসম্পূর্ণ হলেও দুধ উৎপাদনে পিছিয়ে আছি। সে জন্য সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা রেখে যেতে পারি।

আপনার মতামত