হয়রানির শিকার হচ্ছেন গরিব মুক্তিযোদ্ধারা
নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: ‘অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা পরিবার-পরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী গরিব মুক্তিযোদ্ধারা।
সোমবার রাজধানীর এজিবি কলোনির কাঁচাবাজারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা এমন অভিযোগ তোলেন। এ সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং দোকনদারসহ ২০০ থেকে ৩০০ লোক ব্যানার-ফেস্টুন নিয়ে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সভা করেন।
তারা বলেন, সরকারের নিয়ম মেনে দোকান দিয়ে দিনমজুরের মতো কাজ করে জীবিকা নির্বাহের স্বপ্ন ছিল আমাদের। কিন্তু একটি অসাধু চক্র আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। একই সঙ্গে নানাভাবে হয়রানি করছে তারা।’
মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন, তারা সিটি করপোরেশন থেকে এ কাঁচাবাজারের ১৩৪টি দোকান বরাদ্দ পেয়েও প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন।
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি এ কে এম মঞ্জুরুল হক সমাবেশে বলেন, ‘১৫ থেকে ২০ বছর ধরে আমরা এই বাজারে ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু স্থানীয় বিএনপি-জামায়াতের একটি চক্র সমিতির বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করছে। সমিতির লোকজনের বিরুদ্ধে ১০/১২টি মামলা দায়ের করেছে। বরাদ্দকৃত জায়গায় মার্কেট হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে, এ অভিযোগ তুলে হাইকোর্টে একটি রিটও করেছে চক্রটি।’
মানববন্ধনে আরো বলা হয়, ‘সিটি করপোরেশন সমিতির নামে কলোনির কাঁচাবাজার এলাকায় ১৩৪টি দোকান বরাদ্দ দেওয়ার সময় ফুটপাত এবং পিডব্লিউডির জায়গা মুক্ত রাখা হয়। সিটি করপোরেশনের শর্ত মেনেই সমিতির নিজ খরচে ১৩৪টি দোকান নির্মাণ করা হয়।’ হয়রানি বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা।