স্পেনে মাকে হত্যা করে গোশত ভক্ষণ করলো ছেলে
আন্তর্জাতিক ডেস্ক: নিজের মাকে হত্যার পর তার মায়ের গোশত খাওয়ার ঘটনায় স্পেনে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদ- দেয়া হয়েছে। খবর বিবিসির।
২০১৯ সালে ২৮ বছর বয়সী আলবের্তো সানচেজ গোমেজকে তার মায়ের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার মায়ের শরীরের কিছু অংশ প্লাস্টিক কন্টেইনার থেকে উদ্ধার করে পুলিশ।
আদালতে সানচেজ বলেছে, ওই হত্যাকা-ের সময় সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো। তবে আদালত তার যুক্তি খারিজ করে দেয়। আদালত ওই হত্যাকা-ের ঘটনায় সানচেজকে ১৫ বছরের কারাদ- দিয়েছে। আর মৃতদেহ বিকৃত করার ঘটনায় আরও ৫ মাসের কারাদ- দেয়া হয়েছে।
এছাড়া ক্ষতিপূরণ বাবদ তার ভাইকে ৬০ হাজার ইউরো দিতে নির্দেশ দিয়েছে আদালত। মারিয়া সোলেদাদ গোমেজের বিষয়ে তার এক বন্ধু উদ্বেগ প্রকাশ করার পর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পূর্বাঞ্চলীয় মাদ্রিদে তার বাড়িতে পৌঁছায় পুলিশ।
আদালতে সানচেজ বলেছে, তর্ক-বিতর্কের সময় মাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। তখন সানচেজের বয়স ছিল ২৬ বছর।
এরপর তার মায়ের শরীর কেটে টুকরো টুকরো করে সানচেজ। পরবর্তী দুই সপ্তাহ ধরে তার মায়ের শরীর রান্না করে খায় সে। কিছু অংশ তার কুকুরকেও খাওয়ায় সানচেজ।