রোহিঙ্গাদের ফেরাতে ভারতের সহযোগিতা চায় এফবিসিসিআই
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে সেদেশ থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ও এই মানবিক সংকট সমাধানে প্রতিবেশি দেশ ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সফরসঙ্গী হিসেবে আসা সেদেশের ব্যবসায়িক সংগঠন এফআইসিসিআইয়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এফবিসিসিআই এ আহ্বান জানিয়েছে। এ সময় অরুণ জেটলি ছাড়াও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ বলেন, এই মানবিক সংকট কেবল একটি দেশের সমস্যা নয়, বরং এটি এ অঞ্চলের সমস্যা। ফলে এ সমস্যা বাংলাদেশের পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব না। রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরাতে আমরা ভারতে সহযোগিতা চাই।