বাবুলকে ‘জিজ্ঞাসাবাদ’ ইউটিউবে প্রকাশ করুন: জাফরুল্লাহ
ঢাকা: স্ত্রী খুনের ঘটনায় এসপি বাবুল আক্তারকে পুলিশের ১৫ ঘণ্টা ‘জিজ্ঞাসাবাদের’ তথ্য ইউটিউবের মাধ্যমে জাতির কাছে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার মধ্যরাতে বাবুল আক্তারকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর ১৫ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও গুজব ছড়ায়। এ নিয়ে দিনভর নাটকীয়তা চলে। পরে অবশ্য তিনি ‘ছাড়া’ পেয়ে জানান, তিনি গ্রেপ্তার হন নি।
এ প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর আপনারা বললেন, তাকে সন্ত্রাসবাদীরা হত্য করেছে। আবার বললেন জামায়াত-শিবির হত্যা করেছে। আসলে এসপি বাবুল আক্তারের সাথে পুলিশ হেফাজতে ১৫ ঘণ্টা আইন শৃঙ্খলা বাহিনীর কি কথা হয়েছে তা ইউটিউবে প্রকাশ করুন। ভালো মন্দ দেশের জনগণ বিচার করবে । শস্যের মধ্যে ভূত আছে কিনা তা বের হয়ে আসবে।’
জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্য আন্দোলন ও উবিনীগ আয়োজিত ‘রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা: উপেক্ষিত স্বাস্থ্য বাজেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।