জানালেন সচিব: মেট্রোরেলে মানুষ দাঁড়িয়ে ভ্রমণ করতে ভালোবাসেন!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে গিয়ে স্বপ্নের মেট্রোরেলে আট মিনিট ভ্রমণ করে মুগ্ধতা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বুধবার নগরীর উত্তরা মেট্রোরেল প্রকল্পের ডিপো এলাকায় মেট্রোরেলের কোচে প্রবেশ করেন ৮ মিনিট অবস্থান করে কখনো বসে, কখনো দাঁড়িয়ে যাত্রীরা কীভাবে চড়বেন সেই অভিজ্ঞতা নেন।

মেট্রোরেলের একটি এসি কারে কতজন যাত্রী ভ্রমণ করতে পারবেন এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে চান মন্ত্রী। এসময় অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবদুর রউফ মন্ত্রীকে অবহিত করেন, প্রতিটি এসি কারে মোট ৫৪টি করে আসন রয়েছে। তবে মেট্রোরেলে মানুষ সাধারণত দাঁড়িয়ে ভ্রমণ করতে ভালোবাসেন। ফলে বসে ও দাঁড়িয়ে টোটাল কোচে মোট ১ হাজার ৭৫৪ জন ভ্রমণ করতে পারবেন।
কোচে পরীক্ষামূলক এ ভ্রমণ শেষে মন্ত্রী বলেন, আশা করছি চলতি বছরের বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার উন্মুক্ত হবে।

সরেজমিনে দেখা যায়, এক্সিবিউশন সেন্টারে মক ট্রেন রয়েছে। কীভাবে একজন যাত্রী টিকিট সংগ্রহ করা থেকে শুরু করে সেবা নেবে সবকিছুই হাতে কলমে শেখানোর মতো ব্যবস্থা করা হয়েছে। উড়াল মেট্রোরেল কীভাবে চলাচল করছে সব কিছুই দেখানো হচ্ছে।

আপনার মতামত