চীনের বিষয়ে পাকিস্তানকে চাপ দিচ্ছে পশ্চিমা শক্তিরা -ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক রাখায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো পাকিস্তানকে চাপ দিচ্ছে।
চীনের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গত মঙ্গলবার ইমরান খান বলেন, চীনের সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর বিরোধ রয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো পক্ষ থেকে যেকোনো এক পক্ষের হয়ে অবস্থান নেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দেওয়াটা অনৈতিক- সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন ইমরান খান।
এ সময় ইমরান খান আরও বলেন, আমরা কেন এক পক্ষের হয়ে অবস্থান নেব? সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে। তাই চীনের সঙ্গে সম্পর্কের অবনমন ঘটাতে পাকিস্তানের ওপর যতই চাপ আসুক না কেন, বাস্তবে এমন কিছু ঘটবে না।
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে ইমরান খান বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী রাজনৈতিক মিত্রতা রয়েছে। এ সম্পর্ক শুধু আনুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন রয়েছে। ভবিষ্যতে এ বন্ধুত্বে বাণিজ্য গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠবে।
ইমরান খান জানান, প্রায় ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) কাজ শেষ হলে এটা পাকিস্তানের জন্য বড় একটি অর্জন হবে। এ প্রকল্প পাকিস্তানের গোয়াদর বন্দরকে চীনের জিনজিয়াং প্রদেশের সঙ্গে যুক্ত করবে।