হিন্দু নেতাদের বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ

ঢাকা: বিচ্ছিন্ন দ্বীপ ভোলা জেলার মনপুরায় পাঁচ হাজার সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধেই। আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রির্পোটার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে কলাতলীরচর হিন্দু ঐক্য পরিষদের নেতারা।

তারা জানায়, স্থানীয় ভূমিদস্যু শঙ্কর বিজয় দাস, মনি গোপাল দাস ও ভবেশ চন্দ্র মজুমদারসহ প্রভাবশালী কিছু হিন্দু নেতারা ওই এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এদের অত্যাচার নির্যাতনে অনেক হিন্দু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। সম্ভাবনাময় এই পর্যটন এলাকা এসব লোকদের কারণেই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কোনো কার্যকর ভূমিকা না থাকায় এ অবস্থা বিরাজ করছে।

হিন্দু ঐক্য পরিষদের নেতারা বলেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান অসহায় এসব হিন্দু পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা করলেও ভূমিদস্যুদের কারণে উন্নয়ণমুলক কাজ বাধাগ্রস্থ হচ্ছে। মনপুরার অসহায় এসব সংখ্যালঘুদের রক্ষায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে তারা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলো, হিন্দু ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিদু ভূষন দাস, দয়াল হরিদাস, দিপক দাস প্রমুখ।

আপনার মতামত