বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু
লালমনিরহাট: জেলার কালীগঞ্জে বিষাক্ত মদপানে হরিজন সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জদু লাল (৫৫), তাঁর স্ত্রী রিনা বালা (৪৫) ও রঞ্জন কুমার (৩৬)।
জদু-রিনা দম্পতির বাড়ি কালীগঞ্জের কাশিরাম গ্রামে। রঞ্জন রিনা বালার ভাই। তার বাড়ি জয়পুরহাটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জদু লালের বড় ছেলে লিটন জানান, তার ছোট ভাই রাজুর বিয়ে ছিল গত ১ জুলাই, শুক্রবার। সে উপলক্ষে আত্মীয়স্বজন তাদের বাড়িতে আসেন। বিয়ে উপলক্ষে সোমবার রাতে তার মা-বাবা ও মামা মদ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে মঙ্গলবার ভোরে তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মা ও মামা বাড়িতে মারা যান। পরে জদু লালকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।