রাজধানীতে সারা দিন বৃষ্টি ও দমকা হাওয়া থাকার সম্ভাবনা

ছুটিতে খোলা থাকবে আবহাওয়া অধিদফতর

নিউজ নাইন, ডেস্ক: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে শনিবার সারা দিন রাজধানীতে বৃষ্টি ও দমকা হাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাতে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ বাংলাদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করলেও এখন সকাল ১১টার পর থেকে গতিপথ বদলে মিয়ানমার ও ভারতের আসাম অভিমুখে চলে গেছে। তবে রোয়ানু রাতে বাংলাদেশ উপকূলের নিকটবর্তী থাকায় এর কিছুটা প্রভাব পড়েছে রাজধানীসহ সারা দেশে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। সঙ্গে বয়ে যাচ্ছে দমকা হাওয়া।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া শনিবার সারা দিনই ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট দমকা হাওয়ায় বৃষ্টির পানি বেশ শীতল হয়। এর ফলে রিকশা-সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচলের দৃশ্য কম চোখে পড়ছে। কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন কর্মজীবী মানুষেরা। একই সঙ্গে বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবীরা।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আপনার মতামত