শ্রমিক দলের মিলাদ মাহফিলে ছাত্রদলের হামলা, নিহত ১
নিউজ নাইন২৪, ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা শ্রমিক দল। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার বিকালে অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের কর্মীরা অতর্কিত হামলা করে বসে। এতে আহত হন শ্রমিক দলের ধানমন্ডি শাখার সাবেক সভাপতি বাবুল সরদার ও ধানমন্ডি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু কাওসার ভূঁইয়া।
ঢাকা মহানগর (উত্তর) শ্রমিক দলের ৪৯ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম জানান, রাত পৌন ৯টার দিকে ধানমন্ডির সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল সরদার মারা যান।
সম্প্রতি ধানমন্ডি থানা শ্রমিক দলের কমিটি গঠন করা হলেও তা কেন্দ্র অনুমোদন দেয়নি। ধানমন্ডি থানা শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে ওই এলকার বিএনপির কেন্দ্রীয় একজন নেতার সঙ্গে মতবিরোধ ছিল। ওই ঘটনার জের ধরে আজকের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে দলের পক্ষে থেকে।
কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ধানমন্ডি শাখায় কমিটি গঠন নিয়ে ওই এলাকায় মতবিরোধ ছিল। এ জন্য একটি কমিটি করা হলেও তা অনুমোদন দেয়া হয়নি। আগের কমিটিই বহাল রাখা হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে কোন্দলের জেরে দুজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।