লন্ডন পৌঁছলেন প্রধানমন্ত্রী

বাসস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরাম’-এ যোগদানে তিনদিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাওয়ার পথে আজ লন্ডন পৌঁছেছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। স্থানীয় সময় বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে লন্ডন পৌঁছে।

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১৮ মে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়া যাত্রা করবেন। ফ্লাইটটির সোফিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

বুলগেরিয়ার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান উইমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
অভ্যর্থনা জানানোর পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহযোগে হোটেল মারিনেলা সোফিয়াতে নিয়ে যাওয়া হবে। বুলগেরিয়া সফরকালে প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করবেন।

আপনার মতামত