সামাজিক বলয় বিনষ্টকারীদের বিরুদ্ধে এক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান ইনুর

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজনীতির পরিবেশ নষ্টকারী জঙ্গী এবং ভূ-প্রাকৃতিক ও সামাজিক বলয় বিনষ্টকারীদের বিরুদ্ধে এক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

তিনি বুধবার রাজধানীর ধানমিন্ডস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে ‘চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫’ প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশর (পিআইবি) মহাপরিচালক মোঃ শাহ আলমগীর এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।

তথ্যমন্ত্রী রাষ্ট্রের ভূমিকার সাথে সামাজিক চাহিদার সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘সামাজিক বলয় ও দারিদ্র বিমোচনে রাষ্ট্রকে উদ্দেশ্যমূলকভাবে হস্তক্ষেপ করতে হবে। রাষ্ট্রের ভূমিকার সাথে সামাজিক চাহিদার সমন্বয় করতে হবে।’

অপরিকল্পিত উন্নয়ন ও ভোগবাদী অর্থনীতির কারণে ভূ-প্রাকৃতিক ও সামাজিক বলয় উভয়ই নষ্ট হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ভূ-প্রাকৃতিক বলয়ের পাশাপাশি সামাজিক বলয়ের শৃঙ্খলা রক্ষা করা জরুরী। তিনি রাজনীতির পরিবেশ নষ্টকারী জঙ্গী এবং ভূ-প্রাকৃতিক ও সামাজিক বলয় বিনষ্টকারীদের বিরুদ্ধে এক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে জীবন ও প্রকৃতি রক্ষা করার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমান।

আপনার মতামত